নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক সংগঠনসমূহের সমন্বিত প্ল্যাটফর্ম “ইলেকশন অবজারভার সোসাইটি (EOS)”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও নির্বাচনী পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ও নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. আনোয়ারুজ্জামান, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুল ইসলাম। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন হিরা।
তিনি বলেন, “ইলেকশন অবজারভার সোসাইটি দেশের নির্বাচনী পর্যবেক্ষণে একটি নিরপেক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে। আমাদের লক্ষ্য, জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।”
মো. ইকবাল হোসেন আরও জানান, এবারের নির্বাচনে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের—বিশেষ করে ইমাম, খতিব, সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের—নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নির্বাহী সদস্যরা জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করা হচ্ছে। এসব দল ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি ও ভোটার অংশগ্রহণের সামগ্রিক মূল্যায়ন করবে।
এসময় উপস্থিত প্রতিনিধি ও সদস্যদের মতামতের ভিত্তিতে মো. ইকবাল হোসেন হিরা-কে সভাপতি, মো. মহিউদ্দিন-কে সাধারণ সম্পাদক এবং শহীদুল ইসলাম-কে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক, অনলাইন নিউজপোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।