সময়ের চিত্র ডেস্ক:
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধার ঘটনা ঘটেছে। শাহবাগে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে জাতীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। বিকেল চারটার দিকে তারা ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালন করতে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাত্রা শুরু করলে, থানার সামনে পুলিশ তাদের আটকায়। এসময় ধাওয়া ও বিশৃঙ্খলার মধ্যে শিক্ষকরা পুনরায় শহীদ মিনারে ফিরে যান বলে জানা গেছে।
আন্দোলনকারী সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ অভিযোগ করেন, পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, শিক্ষকরা রাস্তা দখল করে অগ্রসর হওয়ার চেষ্টা করছিলেন, তাই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে কেউ আহত হয়েছেন এমন তথ্য পুলিশের কাছে পৌঁছায়নি বলে তিনি জানান।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমমানের গ্রেড, পদোন্নতি ও ভাতাসহ তিনটি মূল দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছেন।