নিষেধাজ্ঞা শেষ, নদীতে ফিরলেন জেলে – আজ থেকেই বাজারে ইলিশ

সময়ের চিত্র ডেস্ক:

মা-ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামলেন জেলেরা। শনিবার রাত ১২টা বাজতেই (২৫ অক্টোবর মধ্যরাত) শেষ হয়েছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, আর আজ রোববার (২৬ অক্টোবর) থেকে বাজারে মিলছে প্রিয় এই মাছটি।

 

সরকার গত ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয়ে ২২ দিনের বিরতি ঘোষণা করেছিল। আশ্বিনী পূর্ণিমার আগে-পরে এই সময়টি ইলিশের মূল প্রজনন মৌসুম হওয়ায় মা-ইলিশ রক্ষায় সারাদেশে বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নিষেধাজ্ঞার কারণে প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এতে প্রায় ৪৪ হাজার ২৫০ কোটি রেণু বা জাটকা জন্ম নিয়েছে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

 

মৎস্য অধিদপ্তর জানায়, এবার অভিযান ছিল আগের যেকোনো বছরের চেয়ে কঠোর। ফলে আগামী মৌসুমে ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের নদীগুলোতে এখন জেলেদের উৎসবের আমেজ। আর বাজারেও ধীরে ধীরে ফিরছে তাজা ইলিশের সরবরাহ।

এই বিভাগের আরো খবর