জাতিসংঘ দপ্তরের সামনে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, বিএনপি’র এক কর্মী গ্রেফতার 

সময়ের চিত্র ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় দুপুরে এ ঘটনা ঘটে।

 

ঘটনার সূত্রপাত হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে। এদিন ভাষণকে ঘিরে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা জাতিসংঘ ভবনের সামনে সমাবেশে যোগ দেন।

 

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের অনুমতি অনুযায়ী, জাতিসংঘ সদর দপ্তরের সামনের তিনটি বড় রাস্তার দুই পাশে বিএনপি ও আওয়ামী লীগ অবস্থান নেয়। তাদের মাঝামাঝি স্থানে ইসরায়েলবিরোধী একটি মিছিল চলছিল।

 

প্রত্যক্ষদর্শী ভার্জিনিয়া স্টেটের কনটেন্ট ক্রিয়েটর পঙ্কজ তালুকদার জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল একটি ছবি দেওয়া ডাস্টবিন নিয়ে হাজির হন। এসময় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সদস্য তার ওপর হামলা চালায়। পরে পুলিশ তাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

এর প্রায় এক ঘণ্টা পর, যুক্তরাষ্ট্র বিএনপির কিছু বিক্ষুব্ধ কর্মী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান। তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিতদের ছত্রভঙ্গ করে।

 

দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হৃদয় মিয়াকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমান হোসাইনকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। পরে পুলিশ উভয় পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয়।

 

এই ঘটনায় এলাকায় কয়েক ঘণ্টা উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিভাগের আরো খবর