সময়ের চিত্র ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বড় আর্থিক সহায়তাকারী হয়ে উঠেছে চীন ও ভারত। কারণ, তারা এখনো রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে ট্রাম্প ন্যাটো দেশগুলোকেও সমালোচনা করে বলেন, রাশিয়ার জ্বালানি আমদানি কমাতে তারা যথেষ্ট পদক্ষেপ নেয়নি। তিনি প্রশ্ন তোলেন, “তারা নিজেদের বিপক্ষেই অর্থ জোগাচ্ছে—কেউ কি কখনো এমন কথা শুনেছে?”
ট্রাম্প আরও সতর্ক করে বলেন, যদি রাশিয়া শান্তি চুক্তিতে রাজি না হয়, তবে ওয়াশিংটন কঠোর শুল্ক আরোপ করবে। তিনি ইউরোপীয় দেশগুলোকেও একই পদক্ষেপে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের শক্তি ও সাফল্যের কথাও তুলে ধরেন। তার দাবি, আমেরিকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, সামরিক বাহিনী ও নিরাপদ সীমান্ত নিয়ে এগিয়ে চলেছে। অবৈধ অভিবাসন বন্ধে কঠোর পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
বিশ্ব রাজনীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ক্ষমতায় ফেরার পর তিনি অন্তত সাতটি সংঘাতের অবসান ঘটাতে ভূমিকা রেখেছেন। এর মধ্যে ইসরায়েল-ইরান, পাকিস্তান-ভারত, আর্মেনিয়া-আজারবাইজানসহ বিভিন্ন অঞ্চলের দ্বন্দ্ব সমাধানের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।