রাজধানীতে পিআরসহ বিভিন্ন দাবিতে ৭ দলের পৃথক কর্মসূচি

সময়ের চিত্র ডেস্ক:
পিআরসহ অভিন্ন কয়েকটি দাবিতে ৭ দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে নিজেদের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করে দলটি।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি চালু করা এবং বিগত সরকারের সময় গণহত্যা ও জেল-জুলুমের বিচার দৃশ্যমান করাসহ প্রায় অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৭টি দল।

বিকেল সাড়ে চারটায় সংক্ষিপ্ত সমাবেশের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সময়ে, উত্তর গেটে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও।

এছাড়া বিকেল চারটায় একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আর বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা।

প্রায় অভিন্ন দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ৭টি দল। বৃহস্পতিবার রাজধানী ঢাকার পর শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলগুলো।

এই বিভাগের আরো খবর