আবারও ইউএস ওপেনের রানী সেই সাবালেঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : আবারও ইউএস ওপেনের শিরোপায় চুমো আকলেন এরিনা সাবালেঙ্কা। স্থানীয় সময় শনিবার বেলারুশ সুন্দরী ইউএস ওপেন নারী এককের ফাইনালে ৬-৩ এবং ৭-৬ (৭-৩) পরাজয়ের স্বাদ উপহার দেন যুক্তরাষ্ট্রের এমান্ডা আনিসিমোভাকে।

অথচ চলতি বছরের প্রথম দুই গ্র্যন্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন সাবালেঙ্কা। অপর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের সেমিফাইনালে তিনি হেরেছিলেন এই আনিসিমোভার কাছেই। এবার সেই হারের প্রতিশোধটা যেন দারুণভাবেই নিয়ে নিলেন সাতাশ বছর বয়সী এই তারকা।
তৃতীয় ফাইনালে এসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত সাবালেঙ্কা। আগের দুই ফাইনালের ক্ষত কাটানো নিয়ে কথা বলেন তিনি। সাবালেঙ্কা বলেন, ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।
এদিকে, চলতি বছরে আনিসিমোভাও দুটি ফাইনালে পরাজয়ের স্বাদ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এই টেনিসকন্যা এখনো মেজর কোন শিরোপা জিততে পারেননি। তবে তার প্রতি শুভকামনা জানিয়েছেন সাবালেঙ্কা। তিনি বলেন, আমি জানি ফাইনাল হারলে কতটা কষ্ট হয়। কিন্তু এই বেদনাদায়ক হারের পরেই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।

এই বিভাগের আরো খবর