নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ আদেশ দেন আদালত।
এ প্রসঙ্গে শিশির মনির বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমরা চেম্বার জজ আদালতে হাতে লিখিত আবেদন করেছি। লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের সিএমপি ফাইল ও শুনানির আগ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই। এমনকি প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও কোনো বাধা নেই।
তিনি আরও বলেন, আমরা আগামীকাল সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকাল গুরুত্বের বিচারে আদালতে শুনানি হবে। এছাড়া হাইকোর্ট বিভাগের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব এসব বিষয়ে কোনো স্থগিতাদেশ থাকলো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী বলেন, এসএম ফরহাদের বিষয়ে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেননি। আদালত রুল জারি করেছেন। আগামীকাল চেম্বার জজ আদালতে পরিপূর্ণ শুনানি হলে সেখানে সিদ্ধান্ত হবে।
এর আগে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।