নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, “আপনারা অপেক্ষা করুন, বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করা হবে।”
গত ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে। সেখানে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটে ৪টি আসন থেকে কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়।
পরবর্তীতে ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি আবেদন ইসির কাছে জমা পড়ে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়, যা ২৭ আগস্ট শেষ হয়।
ইসি জানিয়েছে, এসব শুনানির ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে। এরপরই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।