সময়ের চিত্র ডেস্ক:
ইঞ্জিনিয়ার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা নতুন করে ৫ দফা দাবি উপস্থাপন করেছেন।
তারা ঘোষণা দিয়েছেন— সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা শাহবাগে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থী রোকনের ওপর হামলার ঘটনায় জবাবদিহি করতে হবে।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সরকারের গঠিত বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিটি করতে হবে।
পূর্বে ঘোষিত ৩ দফা দাবি দ্রুত নির্বাহী আদেশে প্রজ্ঞাপন আকারে দিতে হবে।
তিন উপদেষ্টা—ফওজুল করিম, আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ান হাসানকে এখানে এসে নিশ্চয়তা দিতে হবে।
হামলায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌক্তিক আন্দোলনে আর কোনও হামলা চালানো যাবে না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশের হামলায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান শুরু করে। দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রার সময় পুলিশ তাদের বাধা দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।