বিদেশে পাচারকৃত প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআর

 

সময়ের চিত্র ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানিয়েছে, দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থে বিদেশে গড়ে তোলা প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া যায়।

 

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য উপস্থাপন করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়টি দেশে বাংলাদেশিদের অবৈধভাবে সংগ্রহ করা ৩৫২টি পাসপোর্টের সন্ধান মিলেছে। দেশগুলো হলো—অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া ও তুরস্ক।

 

আহসান হাবিব জানান, এখন পর্যন্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পাচারকৃত অর্থে গড়ে তোলা ৩৪৬টি স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, “এটি কেবল অনুসন্ধানের আংশিক চিত্র, আরও বিস্তারিত তথ্য প্রকাশ পাবে ধাপে ধাপে।”

 

তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ ব্যাংকের ডাটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছিল। তবে বর্তমানে মুছে ফেলা তথ্য উদ্ধার করার সক্ষমতা অর্জন করেছে সিআইসি।

 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, অর্থপাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশন, সিআইসি, পুলিশের সিআইডি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। তিনি নির্দেশ দেন, অনুসন্ধানকে আরও বিস্তৃত করে বিদেশে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে।

 

তিনি এটিকে “ভয়াবহ দেশদ্রোহিতা” আখ্যায়িত করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু রাষ্ট্র গঠনে এ ধরনের লুটেরাদের শাস্তির আওতায় আনা অপরিহার্য।

এই বিভাগের আরো খবর