আন্তর্জাতিক ডেস্ক:
ইরানি পার্লামেন্টে বুধবার একটি বিল পাস করা হয়েছে, যার মাধ্যমে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে সব ধরনের পরমাণু সহযোগিতা স্থগিত করা হবে। সংসদের মুখপাত্র আলীরেজা সালিমি জানান, সাধারণ ও নির্দিষ্ট উভয় ধারায় বিলটি অনুমোদন পেয়েছে। তিনি বলেন, ‘’জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো পরিদর্শক ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না।’’
তিনি আরও জানান, এই আইন লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি আইএইএর কর্মীদের প্রবেশের অনুমতি দেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘’আইএইএ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে সংস্থাটি নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিলামে তুলে দিয়েছে।’’
দেশটির সংবাদমাধ্যম নুরনিউজ জানায়, পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমেই আইএইএর পরিদর্শকরা ইরানে প্রবেশ করতে পারবেন।
সংবাদ সংস্থা মেহের-এর তথ্য অনুযায়ী, বিলটির পক্ষে ভোট দেন মোট ২২১ জন সংসদ সদস্য। কেউ বিরোধিতা করেননি, একজন শুধু ভোটদানে বিরত ছিলেন।
তবে বিলটি কার্যকর হতে এখনও জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে। বাস্তবায়নের দায়িত্ব এই সংস্থার ওপর ন্যস্ত থাকবে।
এদিকে, ইরানের সংসদ ড্রোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাবও পর্যালোচনা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
বিশ্লেষকরা মনে করছেন, এই বিল পাসের মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু তত্ত্বাবধায়ক সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক আরও জটিল হতে পারে।