সিংগাইরে পুকুরে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার (২২ আগষ্ট) তার লাশ উদ্ধার করা হয়। মৃত আওয়ামী লীগ নেতার নাম আবু সাঈদ আল-মামুন টিপু। তিনি উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিনের ছেলে। পরিবার ও প্রতিবেশীদের ধারণা, রাতের আঁধারে বৃষ্টির মধ্যে বাসায় ফেরার পথে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যান তিনি।

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মামুন টিপু সাহরাইল গ্রামের নিজ বাড়িতে একা থাকতেন। তার স্ত্রী ও দুই ছেলে ঢাকায় থাকেন। বুধবার সন্ধার পর বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহত আবু সাঈদ আল-মামুন টিপুর বড় ছেলে তাজবিউল হাসান উত্স জানান, বাবার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। কোনো শত্রুও নাই। দলমত নির্বিশেষ এলাকার সব সানুষের সাথে তার ভাল সম্পর্ক ছিল। ধারণা করছি, রাতের বেলায় বৃষ্টির মধ্যে বাসায় ফেরার পথে পা পিছলে পুকুরে পড়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, নিহত আওয়ামীগ নেতা আবু সাঈদ আল -মামুন টিপুর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এঘটনায় কারো কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্মকর্তাদের অবগতিক্রেম ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

সময়েরচিত্র/জ

এই বিভাগের আরো খবর