বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ শুক্রবার সন্ধ্যা ৭-১৫ মিনিটে দেশ-বিদেশে আলোচিত ও প্রশংসিত নাট্যম রেপার্টরী প্রযোজনা ‘দমের মাদার’ নাটকের ৭১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সাধনা আহমেদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিশির রহমান, পারভীন আখতার পারু, লিটা খান, শুভাশীষ দত্ত তন্ময়, ফজলে রাব্বি সুকর্ণ, জান্নাতুল ফেরদৌস, তারক নাথ দাস, তাহমিনা খাতুন, অমিতাভ রাজীব, ইভানা মেঘলা, মনোহর চন্দ্র দাশ, মো. শরিফুল ইসলাম মামুন, শাকিল আহমেদ প্রমুখ। নাটকে দৃশ্য ও আলোক পরিকল্পনা জুনায়েদ ইউসুফ, সংগীত পরিচালনা পরিমল মজুমদার, সুর ও সংগীত প্রয়োগ শিশির রহমান। যন্ত্রীদলে রয়েছেন পরিমল মজুমদার, শিশির রহমান, বিমল দাশ। নাটকের কাহিনীতে তুলে ধরা হয়েছে বাংলার হাজার বছরের সংস্কৃতির সবচাইতে সমৃদ্ধ আঙ্গিক বাংলার লোকপালা সমূহ। যা মূলত: লোকমুখে প্রচার ও প্রসার লাভ করেছে হাজার বছর ধরে। তেমনি একটি পালা মাদারপীরের আধ্যান। যা এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গীত হয়ে থাকে। এক্ষেত্রে ‘গীত হয়ে থাকে’ বলার কারণ লোকপালা মূলত: গীতল পরিবেশনারীতিতে উপস্থাপন করা হয়ে থাকে। মাদারপীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে আলোচ্য নাট্যকের গল্প গড়ে উঠেছে। আংশিক সত্য একটি ঘটনাকে নিয়ে নাট্যকার লোক আঙ্গিক রীতিতে নাটকটি রচনা করেছেন, কিন্তু পরিবেশনার ক্ষেত্রে নির্দেশক লোকআঙ্গিক থেকে সরে এসেছে কারণ লোকনাটক পরিবেশনে মঞ্চ যেখানে নিরাভন থাকে এখানে তা নেই । শুধু তাই নয় অভিনয় রীতির ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। ‘দমের মাদার’ নাটকের নাট্যকার জীবনের একটি নিগূঢ় সত্যকে অনুসন্ধান করেছেন, তার সাথে তাল মিলিয়ে নিদের্শক সকল কুশীলবদের নিয়ে নাটকের প্রতিটি ছত্রে সেই পরমের সন্ধান করেছেন। ‘তারে দেখি না বলেই তার তরে সকল সাধনা’ জীবত্মার সাথে পরমাত্মার মহামিলনের যে দ্যোতনা নির্দেশক তারই তরঙ্গে তরঙ্গায়িত হতে চেয়েছেন বার বার।
সময়েরচিত্র/মাসরুর