আদালতের নিষেধাজ্ঞা অমান্য

গাজীপুরে কৃষি জমি ভরাটের দায়ে ৩ জনের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বালু-মাটি ফেলে কৃষি জমি ভরাট করার দায়ে দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন-কালীগঞ্জের পাড়াবর্তা এলাকার সিরাজুলের ছেলে রমজান মিয়া (৩০), নওগাঁর অর্জুনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩০) ও পটুয়াখালীর চাঁনপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে রাশেদুজ্জামান (৫৫)।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজী টুলু বলেন, ২০১৯ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালতের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করেন। শুনানিতে বলা হয়, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী-পুকুর, কৃষি জমি-জলাশয় ভরাট এবং অবৈধ দখলের উপর স্থিতাবস্থা জারি করা হলো। আদালতের ওই নির্দেশ অমান্য করেই বিভিন্ন হাউজিং কোম্পানি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও জলাশয় ভরাট কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনি আরো বলেন, খবর পেয়ে গলান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট কার্যক্রম করার দায়ে ‘সিআইভিআইসি’ নামের একটি হাউজিং কোম্পানির তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গলান মৌজায় প্রায় ৩০-৪০ বিঘা কৃষি জমি ভরাট প্রকল্প বাস্তবায়নে কাজ করছিল সিআইভিআইসি; প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৫-৭ বিঘা জমিতে বালু ভরাট কার্যক্রম সম্পন্ন করে ফেলেছে। ঘটনাস্থল থেকে ভরাট কাজে ব্যবহৃত ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন ইউএনও।

এই বিভাগের আরো খবর