স্টাফ রিপোর্টার:
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিঢে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮টি যানবাহনে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে বাগুন নেভায়।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে ২টি, গাজীপুর ২টি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে ১টি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি বাস ও ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান ও ১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।
এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ২৫২টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) করেছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।