রাজপথে অতন্দ্র প্রহরায় থাকবে যুব মহিলা লীগ – তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সন্ত্রাস ও রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা দল বিএনপি যাতে রাজপথ দখল করতে না পারে সেজন্য যুব মহিলা লীগকে অতন্দ্র প্রহরায় থাকতে হবে।’

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেল দিবস ও  ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা। তারা বলেছিল খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। সেটিও হয় নাই। অর্থাৎ তারা সেমিফাইনালেই হেরে গেছে। তাদের সাথে তো আর ফাইনাল খেলা হয় না। আওয়ামী লীগ তাদের সাথে খেলবে না। তারা যুব মহিলা লীগের সাথে খেলুক।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে হাসপাতালে হামলায় ৮০০ মানুষ এবং শত শত শিশু মৃত্যুবরণ করেছে। তাদেরকে কবর দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একদিনের শোক ঘোষণা করেছেন, শেখ রাসেল দিবসেও এই বর্বরতার প্রতিবাদ করেছেন। সমস্ত পৃথিবী প্রতিবাদ করেছে, ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও সেই হামলার প্রতিবাদ জানিয়েছে।

শুধু বিএনপি এবং তার মিত্র জামায়াত নিশ্চুপ। একটি বৃহৎ শক্তি নাখোশ হতে পারে বলে নিরব থেকে বিএনপি কার্যত এই বর্বরতা, এই শিশুহত্যার পক্ষ অবলম্বন করেছে, ইসরাইলের পক্ষ অবলম্বন করেছে। জনগণ এদের চিনে রাখছে।

বিএনপির নির্যাতনের মধ্যে যুব মহিলা লীগের জন্ম উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, পুলিশের ছুঁড়ে দেওয়া টিয়ার গ্যাসের সেল তুলে নিয়ে ছুঁড়ে ফেরত দেওয়ার দলের নাম যুব মহিলা লীগ।

আমরা রাজপথের দল, রাজপথে আমাদের জন্ম হয়েছে, সুতরাং আমরা জানি, রাজপথে কিভাবে কাকে মোকাবিলা করতে হয়। আমরা বিএনপিকে রাজপথ দখল করতে দেবো না। যুব মহিলা লীগকে বলবো- রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকার জন্য।

এই বিভাগের আরো খবর