তত্ত্বাবধায়ক মরে আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছে : কাদের

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক মরে গেছে। আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছে। ওটা আর ফিরে আসবে না। ২০০১ সালের তত্ত্বাবধায়ক আর আসবে না। ওয়ান/ইলেভেনের দুঃস্বপ্ন আর সফল হবে না।’

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা।

বিএনপির মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আমাদের ভয় দেখায়। আবার আমাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছেন, দিনকালও ঠিক করে দিচ্ছেন। বাংলাদেশের ম্যাজিক লিডার শেখ হাসিনা। আপনি কে বার্তা দেওয়ার- শেখ হাসিনা কার কাছে ক্ষমতা দেবে? শেখ হাসিনা পদত্যাগ করবেন কিনা?’

তিনি বলেন, ‘আপনি শেষ বার্তা দিচ্ছেন, আজ আমি শেষ বার্তা দিচ্ছি- শেখ হাসিনা নির্বাচন সরকারের সরকারপ্রধান থাকবেন। শেখ হাসিনা আবারও জনগণের রায়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন।’

তিনি আরো বলেন, মির্জা ফখরুলের পকেট গরম। মালপানি ভালো আসছে। উনার কথাও গরম। হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের ধমক দেন, ভয় দেখান। মির্জা ফখরুল, পাঁচতারকা হোটেলে নাশতা খেয়ে অনশন করেন তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করেন।

দ্রব্যমূল্য নিয়ে কাদের বলেন, ‘সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা সেটারই শাস্তি পাচ্ছি। দাম বাড়াচ্ছে বড় বড় শক্তি। আপনাদের ধৈর্য ধরতে হবে। এখন আপনাদের কষ্ট হচ্ছে, আমরা স্বীকার করি। কিন্তু মনে রাখবেন- একজন মানুষ আছে (প্রধানমন্ত্রী), আপনাদের এই কষ্ট লাগবে যিনি দিনরাত পরিশ্রম করছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নৌকা ছাড়া উপায় নেই। বাংলাদেশে শান্তি-সুখ চাইলে নৌকা, উন্নয়ন চাইলে নৌকা। নৌকা ছাড়া গণতন্ত্র থাকবে না। নৌকায় ভোট দিলে গণতন্ত্র থাকবে।’

এই বিভাগের আরো খবর