নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক’শ দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহযোগিতায় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা এ তথ্য আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।
কৃষি মার্কেট ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সকাল থেকেই ওই এলাকায় পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান করছে। তবে ৩ ঘণ্টার আগুনে এরইমধ্যে পুড়ে গেছে মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোষাকের দোকান। আরেক পাশের সবজি ও মাছ-মাংসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দিয়েছে। যার জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।