সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতির মধ্যেই ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে মিরপুর-১০ এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়।
এর আগে সকাল ১০টার পর ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সিটি করপোরেশন। বেলা ১১টার দিকে এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও হকারদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে একটি দোকান ভাঙার কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।