সময়ের চিত্র ডেস্ক:
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদনের সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।