নিজস্ব প্রতিবেদক:
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বেআইনি কর্মসূচি, মিছিল ও শোডাউনের কারণে কিছু এলাকায় নাশকতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরীসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।