সময়ের চিত্র ডেস্ক:
বিশ্বকাপের শিরোপাপ্রত্যাশী দলগুলোর মধ্যে অন্যতম স্পেন দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সৌদি আরবের বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়ে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে স্প্যানিশরা।
প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে অপ্রত্যাশিত ড্র করার পর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ম্যাচের ১০ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। তরুণ এই ফুটবলার প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
এরপর ২১ ও ২৪ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান আরও বাড়ান মিকেল ওয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও স্কোরলাইন আর পরিবর্তন হয়নি। ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরই আসে স্পেনের চতুর্থ গোল। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার শট প্রতিহত করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল তামবাকতি।
ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস আরও একটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে ৪-০ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল স্পেন।