টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকির জলই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা বাবুল হাদিমা (৪৮), তাঁর ছেলে নেইমার ম্রং (১৪), রতন নকরেক (২৭) এবং গাবরিয়েল নকরেক (৩২)।
স্থানীয় সূত্র জানায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে গেলে সেটি উদ্ধার করতে প্রথমে নেইমার ম্রং কূপে নামে। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরে তার বাবা বাবুল হাদিমা নিচে নামেন। এরপর তাঁদের উদ্ধারের চেষ্টা করতে রতন নকরেক ও গাবরিয়েল নকরেকও কূপে প্রবেশ করেন। কিন্তু তারাও আর উপরে ফিরে আসেননি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে মৃত ছাগলটিও উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকা বা অক্সিজেনের ঘাটতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।