প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

সময়ের চিত্র ডেস্ক:

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নতুন নাম চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নাম কার্যকর করা হবে।

সম্প্রতি ইউনিয়ন দুটির নাম নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে মিল রেখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামকরণ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এবং জাতীয় সংসদেও আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, বিতর্কের পর নামকরণ নিয়ে ভুল ব্যাখ্যা বা বিতর্ক এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত ১১ জুন প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ এবং শিবগঞ্জে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন ঘোষণা করা হয়। পরে এসব নামের কয়েকটি নিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়।

এ বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নতুন ইউনিয়নের নাম নির্ধারণে প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তিনি দাবি করেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নির্বাচন করা হয়েছে এবং তার সন্তানদের নামের সঙ্গে মিল হওয়া নিছক কাকতালীয়।

 

এই বিভাগের আরো খবর