সময়ের চিত্র ডেস্ক:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনগত ও নির্বাচনী শর্ত পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তি পরিচয়ে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণের সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, নির্বাচনটি নির্দলীয় হওয়ায় কোনো ব্যক্তি নির্ধারিত যোগ্যতা পূরণ করলে প্রার্থী হতে বাধা নেই। তবে নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয় বা নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় তুলে ধরা যাবে না।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যদি স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চান এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করেন, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে বাধা দেওয়ার কারণ নেই।
আওয়ামী লীগের পদধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন না। তবে দলীয় পদ বা পরিচয় ব্যবহার করে প্রচারণা চালানোর সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন।