সময়ের চিত্র ডেস্ক:
নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহদাত উল্যাহ সেলিম এবং নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় রয়েছেন। গুরুতর আহত হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে কয়েকটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি শেষ হওয়ার পর দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সহিংসতায় রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে একটি রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি বাড়িঘর ও স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
উভয় পক্ষই হামলার জন্য একে অপরকে দায়ী করেছে। স্থানীয় রাজনৈতিক নেতারা দাবি করেছেন, প্রতিপক্ষের আকস্মিক হামলার জেরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।