নির্বাচনি ইশতেহারের প্রতিফলন ঘটিয়ে শিক্ষা বাজেট প্রণয়নের দাবি বাকবিশিসের

জাহিদ হাসান:

সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলোর যথাযথ প্রতিফলন আগামী জাতীয় বাজেটে নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষাবিদ, শিক্ষক নেতা ও গবেষকরা।

 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) আয়োজিত “সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা বাজেট” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেটা ফর পিপল (সিএ)-এর সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শৌর্য তালুকদার। তিনি বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, শিক্ষাখাতের বিদ্যমান চ্যালেঞ্জ এবং সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষার উন্নয়নে দেওয়া অঙ্গীকারসমূহের বিশ্লেষণ তুলে ধরেন। একই সঙ্গে টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দা নীলোমী বলেন, “একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবসম্পদ গঠনের প্রধান ভিত্তি হলো শিক্ষা। নির্বাচনি ইশতেহারে শিক্ষার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়নে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।”

 

তিনি আরও বলেন, জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা উচিত।

 

আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতির সঙ্গে বাজেটের সামঞ্জস্য থাকা জরুরি। একই সঙ্গে শিক্ষাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

 

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাকবিশিসের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বাকবিশিস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকবিশিসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেহায়েত মাহাতাব। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

বক্তারা দেশের টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর