শাহীন আরাফাত শুভ, বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের কান্দাপাড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্তমানে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি কান্দাপাড়া এলাকার শিশুদের জন্য বেশ দূরে হওয়ায় অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কান্দাপাড়া এলাকার অধিকাংশ শিশুকে বিদ্যালয়ে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে ছোট শিশুদের জন্য দূরত্ব ও যাতায়াতের সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ছে এবং কেউ কেউ ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এ অবস্থায় এলাকাবাসী “বাঁশগাড়ি-কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়” নামে একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তাদের মতে, এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করা হলে শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি বিদ্যালয়মুখী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার কমে আসবে।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার প্রসারই ঘটায় না, বরং একটি এলাকার সামগ্রিক সামাজিক ও মানবিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কান্দাপাড়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।