বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

 

আজ বৃহস্পতিবার (৪ জুন) রাত ২টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, অভিযানের সময় সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি সচল দেশীয় তৈরি এলজি বন্দুক, দুইটি সাদা রঙের কার্তুজ এবং একটি কালো রঙের নম্বরবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা অমিত (২৩) ও লিমন (১৯) নামে আরও দুইজন পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সিদ্দিকুর রহমান নবীনগর উপজেলার বরাইল গ্রামের আতিকুর রহমানের ছেলে। বর্তমানে তিনি নবীনগরের নূরজাহানপুর গুচ্ছগ্রামে বসবাস করছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

এই বিভাগের আরো খবর