সময়ের চিত্র ডেস্ক:
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার সকাল থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। তারা চেয়ারম্যান খুরশীদ আলমের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের পদত্যাগও দাবি করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য, সাঁজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, খুরশীদ আলম এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি। তাই তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ২০১৭ সালের আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা সদস্যদের পুনরায় দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে আসছে সংশ্লিষ্ট একটি গ্রাহকগোষ্ঠী।
সোমবারও একই দাবিতে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। পরে তারা আবারও কর্মসূচি চালিয়ে যান।
এদিকে চলমান আন্দোলনের কারণে ব্যাংকের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা সরাসরি আয়োজন করা সম্ভব হয়নি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান খুরশীদ আলমসহ কয়েকজন পরিচালক অংশ নেন।
সভা শেষে চেয়ারম্যান জানান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে সভায় যুক্ত করার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে আন্দোলনকারীরা সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান জোবায়দুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিও জানিয়ে আসছেন।
ব্যাংকটির সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।