কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

সময়ের চিত্র ডেস্ক:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লা এবং আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে অতিরিক্ত ১১ পয়সা ভাড়া যোগ হবে। তবে এই বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে; সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে।

মন্ত্রী আরও জানান, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও সমন্বয় করা হতে পারে। তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিজেলের দাম বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন তারা।

এই বিভাগের আরো খবর