সময়ের চিত্র ডেস্ক:
ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ৪০ দিনের সামরিক অভিযানের পর ঘোষিত দুই সপ্তাহের অন্তর্বর্তী যুদ্ধবিরতির মধ্যেই শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে এ আলোচনা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
মার্কিন প্রতিনিধিদলে জেডি ভ্যান্সের পাশাপাশি রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
প্রথমে পরোক্ষ আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সরাসরি মুখোমুখি বৈঠকে বসেছে। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছে।