জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

সময়ের চিত্র ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে আজ শুক্রবার আরও ১০টি বিল পাস করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল উপস্থাপন করা হয়। দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলোর ওপর বিস্তারিত আলোচনা হয়নি। পরে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতভাবে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিত অবস্থায় এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও পরিমার্জন করে নতুন বিল হিসেবে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর ক্ষেত্রে বিশেষ কমিটি অপরিবর্তিতভাবে অনুমোদনের সুপারিশ করেছিল।

এদিন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত পাঁচটি বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব দেন, যা সংসদ অনুমোদন করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ উত্থাপন করলে সেটিও পাস হয়।

এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। এসব বিলও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

এই বিভাগের আরো খবর