সময়ের চিত্র রিপোর্ট:
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) বিল-২০২৬ পাস হয়েছে, যার ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকছে।
বুধবার (৮ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।
নতুন এই আইনের আওতায়, এখন থেকে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠন বা সত্তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা সরকারের হাতে থাকবে। একইসঙ্গে, নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রসারেও নিষেধাজ্ঞা থাকবে।
এ ছাড়া, নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থায়ন, আশ্রয়, সহযোগিতা কিংবা অন্য কোনো ধরনের সহায়তা প্রদান করলে আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত বছরের ১১ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধনসংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে। সে সময় সংসদ কার্যকর না থাকায়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে ওই অধ্যাদেশ জারি করা হয় এবং পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন করে সংসদে বিলটি পাস হওয়ার মাধ্যমে সংশোধিত বিধানগুলো এখন আইনি কাঠামোর অংশ হিসেবে কার্যকর হলো।