সময়ের চিত্র ডেস্ক:
জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেওয়ার স্থান রাজপথ হতে পারে, তবে সংসদে এ ধরনের ভাষা উপযুক্ত নয়। সংসদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা ও বিবেচনার জন্য উপস্থাপন করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় স্পিকার এ কথা বলেন।
এর আগে, ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদা (সাওদা সুমি) গ্রেপ্তারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেন রফিকুল ইসলাম। তিনি অফিস চলাকালীন সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার এবং সাওদার মুক্তির দাবি জানান।
জবাবে স্পিকার বলেন, বিষয়টি ‘পয়েন্ট অব অর্ডার’ হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে এ নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার (৫ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে সাওদা সুমিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরদিন তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।
এদিকে, গ্রেপ্তারের পেছনে স্পষ্ট কোনো অভিযোগ প্রকাশ করা হয়নি বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানিয়েছে দলটি।