নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতরে তল্লাশি চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, বিকেল সোয়া ৪টা পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ হওয়ায় প্রাথমিকভাবে নিহতরা নারী নাকি পুরুষ—তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখনও ঘটনাস্থলে অনুসন্ধান কার্যক্রম চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইউনিট সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়।
দীর্ঘ চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগুনের উৎস এবং ভেতরে আরও কেউ আটকা পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।