স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সময়ের চিত্র ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ভোরে স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর সম্মান জানান। সকাল ৫টা ৫৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এর আগে সকাল ৫টা ৫৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং তিন বাহিনীর প্রধানরা।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদীতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা বিউগলে করুণ সুর বাজান।

এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

একই দিনে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা বীর শহীদদের স্মরণে মোনাজাতে অংশ নেন।

এরপর পর্যায়ক্রমে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং কূটনীতিকরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে, মহান স্বাধীনতা দিবসের সূচনায় ভোরে রাজধানী ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ভিআইপি পর্যায়ের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।

এই বিভাগের আরো খবর