জাকির হোসেন, পিরোজপুর থেকে : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পিরোজপুর-১ আসনের সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন এমপি মাসুদ সাঈদী। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলার জিয়ানগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হয়। এসময় জিয়ানগর উপজেলায় ৬৭জনকে নগদ অর্থ প্রদান ও ২০০ জনকে শাড়ী কাপড় বিতরণ করা হয়।
ঈদ উপহার কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এসময় আরও উপস্থিত ছিলেন- জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিনসহ অনেকে।
এমপি মাসুদ সাঈদী বলেন- আমরা গত ১৭টি বছর ফ্যসিবাদের যাতাকলে পিষ্ট ছিলামা, এমনকি জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী করা হয়েছিল। একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, অতীতে যে ফ্যসিবাদি আচরণের কারণে আওয়ামী লীগের মত একটি রাজনৈতিক দল শুধু বাংলাদেশের রাজনীতি থেকেই নয় বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার পথে। তাদের এই করুন পরিনতির অন্য তম কারণ হলো ফ্যাসিবাদি আচরণ ও মানুষের উপর জুলুম। অতীত থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি ইতিহাস কাউকে ক্ষমা করবেনা।
প্রসাশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলায় ত্রান তহবিলের নগদ অর্থ ২৬৬জন ও শাড়ী কাপড় ৫০০জন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।