কাবুল হাসপাতালে বিমান হামলা, পাকিস্তানকে দুষছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুল-এর একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

সরকারের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সোমবার সন্ধ্যায় চিকিৎসাকেন্দ্রটিতে এই হামলা হয়। এতে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, তারা কাবুলসহ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনা ও ‘সন্ত্রাসী সহায়তা অবকাঠামো’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর হাসপাতালের কিছু অংশে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থল থেকে অন্তত ৩০টির বেশি মরদেহ স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা গেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলার সময় সেখানে প্রায় ২ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের আশঙ্কা, নিহত-আহতের সংখ্যা শতাধিক ছাড়াতে পারে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেছেন, ওই হাসপাতালের আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত প্রায় ১০টা ২০ মিনিটে কাবুলজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আকাশে যুদ্ধবিমান ও সাইরেনের শব্দ শোনা যায়।

এদিকে, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে—যা তালেবান সরকার বরাবরই অস্বীকার করে আসছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে দুই দেশের সংঘাতে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।

এই বিভাগের আরো খবর