সময়ের চিত্র ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্প্রতি দুটি পৃথক হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির একজন সংসদ সদস্য।
শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাহরোম এলাকার সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কৌচি বলেন, সর্বোচ্চ নেতার বাসভবনে সংঘটিত একটি হামলার সময় মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি–এর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলা থেকে তারা অল্পের জন্য রক্ষা পান।
তিনি আরও জানান, আরেকটি হামলা একটি হাসপাতালে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার দাবি অনুযায়ী, সেখানে ‘ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় নেতা’ উপস্থিত ছিলেন। তবে কোন হাসপাতাল বা কোথায় এই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রেজাই কৌচি অভিযোগ করেন, এসব হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত থাকতে পারে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বার্তা দেন মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর প্রায় এক সপ্তাহ ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে।