প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট :
বাগেরহাটের রামপালে খুলনা–মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোংলাগামী একটি মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে বরযাত্রীরা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হলে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
নিহত কনে মার্জিয়া আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে তার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে সাব্বির ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. আবু জাফর বলেন, এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।