মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রোববার (রাত) প্রায় ৯টার দিকে পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে টানা প্রায় চার ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে অনেকেই টর্চলাইট ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং একে অপরকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষ ও বিস্ফোরণের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।