সময়ের চিত্র ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপে আগ্রহী নয় ইরান—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ মহল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি–এর জ্যেষ্ঠ সহকারী ও দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তা মোহাম্মদ মোখবার বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনায় বসারও কোনো ইচ্ছা নেই।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখার মতো পরিস্থিতি নেই। তার ভাষায়, অতীত অভিজ্ঞতা বিবেচনায় আমেরিকার সঙ্গে আলোচনার বাস্তবভিত্তিক কোনো ক্ষেত্র তৈরি হয়নি।
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রসঙ্গে মোখবার বলেন, প্রয়োজন হলে ইরান দীর্ঘ সময় ধরে প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত। তিনি ইঙ্গিত দেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে তেহরান আপস করবে না।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এ অবস্থান নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
সূত্র: Al Jazeera