আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাস নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘নির্ভুল’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া মার্কিন কেন্দ্রীয় কমান্ডের একটি রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করেছে আইআরজিসি। ইরান এই অভিযানকে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’ নামে আখ্যা দিয়ে বড় সাফল্য বলে প্রচার করছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হামলায় ২০০ সেনা হতাহত হওয়ার তথ্য ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। তাদের দাবি, অধিকাংশ হামলাই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র ইরানের বক্তব্যকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যায় ।