আজ থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

ইলিশের পোনা বা জাটকা সংরক্ষণে আজ (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা। মার্চ ও এপ্রিলজুড়ে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের ছয়টি নদী অঞ্চলের নির্ধারিত অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভেরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

নিষেধাজ্ঞাকালীন চাঁদপুরের নিবন্ধিত ৩৯ হাজার ৪০০ জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। তবে কেউ আইন অমান্য করে মাছ ধরতে গেলে কমপক্ষে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জাটকা রক্ষায় কঠোর নজরদারি থাকবে এবং ভিজিএফের চাল বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, শুধু অভিযান নয়, জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তা না হলে দীর্ঘমেয়াদে ইলিশ উৎপাদন বৃদ্ধির সুফল টেকসই হবে না।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানিয়েছেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নৌসীমায় বিশেষ তৎপরতা থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে আসছে সরকার।

এই বিভাগের আরো খবর