সময়ের চিত্র ডেস্ক :
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের পর এবার উপসাগরীয় কয়েকটি দেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বাহারাইন -এর জাফায়ার এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায়। ঘটনার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
ইউনাইটেড আরব আমিরাত এর রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের উৎস বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কুয়েত এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। একই সময়ে কাতার এর রাজধানী দোহায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে সৌদি আরব এর রাজধানী রিয়াদেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে উপসাগরীয় কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।