নিজস্ব প্রতিবেদক:
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সারা দেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হার এবং উপজেলা পর্যায়ের নির্ধারিত কোটার ভিত্তিতে বৃত্তি বাছাই সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীরা এখন অনলাইনে ফল জানতে পারবে। এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করতে হবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করেও ফল জানা যাবে—বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
ফল ঘোষণার অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।
এ বছর সারা দেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে গত ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে স্থগিত হওয়া বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর অধীনে নিবন্ধিত শিক্ষার্থীদের বড় একটি অংশ পরীক্ষায় অংশ নেয়। অন্যান্য বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সর্বমোট ফলাফলের ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।