নিজস্ব প্রতিবেদক:
চলতি ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরীয়াহ মতে আটা/গম, যব, খেজুর, কিসমিস বা পনির—এই পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে। নির্ধারিত পরিমাণ ও বাজারমূল্য হলো:
গম বা আটা: অর্ধ সা’ (প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা
যব: এক সা’ (প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজারমূল্য ৫৯৫ টাকা
খেজুর: এক সা’ বা এর বাজারমূল্য ২,৪৭৫ টাকা
কিসমিস: এক সা’ বা এর বাজারমূল্য ২,৬৪০ টাকা
পনির: এক সা’ বা এর বাজারমূল্য ২,৮০৫ টাকা
দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত পণ্যের খুচরা বাজারদরের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্য বা তার সমমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।
কমিটি জানায়, অঞ্চলভেদে বাজারমূল্যের তারতম্য থাকতে পারে। সেক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আলেম ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।