সময়ের চিত্র ডেস্ক :
নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৫৫), তার ছেলে তাহাজ্জদ শেখ (৩৫), ফেরদৌস (৩৩) এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫)।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সেহেরির সময় এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলায় এক পরিবারের বাবা, ছেলে ও ভাতিজা নিহত হন। অপর পক্ষের একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সংঘর্ষে অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।